চট্টগ্রামে বজ্রাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে আকস্মিক বজ্রাঘাতে মো. আলিম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের মহালঙ্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিম চৌধুরী উপজেলার উত্তর রহমতনগর এলাকার মৃত আবু বক্কর চৌধুরীর ছেলে এবং স্থানীয় বড় দারোগাহাট বাজারের একজন ধান ব্যবসায়ী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে নিজ মাছের পুকুরে খাবার দিতে গিয়েছিলেন আলিম চৌধুরী। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি আহত হয়ে পুকুরপাড়েই লুটিয়ে পড়েন। মাগরিবের নামাজের পর তাকে বাড়িতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে রাত ৯টার দিকে পুকুরপাড় থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফখরুল আমিন রাখাল।

এন.এইচ শাওন, চট্টগ্রাম মহানগর ও জেলা (মীরসরাই-সীতাকুণ্ড)