সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও গাড়ি চালক রিমান্ডে
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তরের কার্যকরী সদস্য মাহফুজুর রহমান মিতা ও তার গাড়িচালক গোলাম মাওলা সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিদের হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
নথি থেকে জানা গেছে, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবৈধ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

আদালত প্রতিবেদক