বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় গ্রেপ্তার ১
খুলনায় বেসরকারি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলার আসামি হাসনাত হাবিব রিফাতকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তার রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং তিনি সম্প্রতি কৃষি ব্যাংকে চাকরি পান। নিহত আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতী গ্রামে।
নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ঘটনার দিন আজমুলকে মারধরের সময় রিফাত সরাসরি উপস্থিত ছিলেন এবং ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। এসআরবি তাকে গ্রেপ্তার করেছে। থানায় হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে বেধড়ক পেটায় কয়েকজন। একপর্যায়ে মেসের চারতলা ভবনের ছাদ থেকে তাকে নিচে ফেলে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে নাকি তিনি লাফ দিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় নিহত আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২৫ জনের বিরুদ্ধে হরিণটানা থানায় হত্যা মামলা করেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা