ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অ্যান্টিভেনম দেওয়ার সময় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল মরিয়ম। রাতে মায়ের সঙ্গে একই বিছানায় ঘুমিয়েছিল সে। ভোরে হঠাৎ মরিয়ম তার মাকে জানায় তাকে কোনো কিছু কামড় দিয়েছে এবং মুখ থেকে লালা ফেলতে থাকে। অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শাহিদ বলেন, শিশুটিকে অত্যন্ত সংকটজনক ও শেষ মুহূর্তে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে সাপের দুটি দংশনের চিহ্ন পাওয়া যায়। দ্রুত তাকে অ্যান্টিভেনম দেওয়া শুরু হলেও চিকিৎসা চলাকালেই শিশুটির মৃত্যু হয়।

মনজুরুল আহসান, ঝিনাইদহ (সদর-কালীগঞ্জ-কোটচাঁদপুর)