গাইবান্ধায় স্কুলে হামলা, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজারে অবস্থিত ডা. নুরুল সরকার স্কুল অ্যান্ড কলেজে হামলার ঘটনা ঘটেছে। ক্লাস চলাকালীন এই হামলায় শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের মালিক লিটন মিয়ার সঙ্গে বিরোধের জেরে পার্শ্ববর্তী আব্দুল মান্নান ডিপটির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এ হামলা চালায়। তারা হঠাৎই শ্রেণিকক্ষে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। আকস্মিক এই হামলায় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রাণভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। হামলার সময় দুর্বৃত্তরা চারটি মোটরসাইকেল এবং দুটি ল্যাপটপ ভাঙচুর করে।
হামলায় আহত স্কুল শিক্ষার্থীরা হলেন- নাঈম ইসলাম, সাহেদ হোসেন, মেহেদী হাসান, রাসেল মিয়া, রিয়াদ, কবীর হোসেন ও সাগর শেখ। আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন- শামীম মিয়া, সোহেল সরদার, মশিউর রহমান, জয় চৌধুরী ও অপু গুণ। এ ছাড়া স্থানীয় বাসিন্দা মিনি বেগম, জহুরুল ইসলাম এবং নৈশপ্রহরী মাসুদ শেখ হামলায় আহত হন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব বলেন, ক্লাস চলাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষ্ণ কুমার চাকী, গাইবান্ধা
খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)