হাটভর্তি কলা, কিন্তু ...
ভোরের আলো ফুটতেই ভ্যানভর্তি কলার কাঁদি নিয়ে হাটে ছুটে আসতেন কৃষকেরা। ক্রেতা-বিক্রেতা আর পাইকারদের হাঁকডাকে জমে উঠত পুরো হাট। একসময় কলা বিক্রির জন্য পরিচিত ছিল এই বাজার। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। এখন হাটে কলার কাঁদি থাকলেও নেই বাইরের জেলার পাইকারদের আগের মতো আনাগোনা। ফলে পানির দরে কলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। উৎপাদন খরচ তুলতে না পেরে পুঁজি হারাচ্ছেন অনেকে। লোকসানের বোঝা সইতে না পেরে কেউ কেউ কলাচাষ ছেড়ে অন্য ফসলের দিকে ঝুঁকছেন।
এখন এমনই চিত্র দেখা যাচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ বন্দর হাটে। একসময় এই হাটে কলা কিনতে বিভিন্ন জেলা থেকে পাইকারেরা আসতেন। তাদের উপস্থিতিতে সকাল থেকেই জমজমাট থাকত বাজার। কিন্তু বর্তমানে বাইরের জেলার পাইকারদের আনাগোনা কমে যাওয়ায় কলার ক্রেতাও কমেছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় চাষিরা।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় অন্যান্য ফসলের তুলনায় কলাচাষে খরচ কম এবং লাভ বেশি ছিল। এ কারণে এলাকার অনেক কৃষক কলাচাষে আগ্রহী হন। কিন্তু বর্তমানে সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বেড়েছে। অন্যদিকে বাজারে কলার দাম কম। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরিরহাট এলাকার কলাচাষি মোশারফ হোসেন বলেন, অন্যান্য ফসলের তুলনায় কলাচাষে খরচ কম, লাভ বেশি। এ কারণে এলাকার অনেক কৃষক কলাচাষ করেন। তবে বর্তমানে বাজারের অবস্থা ভালো নয়। হাটে পাইকারেরা আসছেন না। তাই কম দামে কলা বিক্রি করতে হচ্ছে। এতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
একই অবস্থার কথা জানালেন গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুরের কলাচাষি আব্দুস ছালাম। তিনি বলেন, কলাচাষে প্রতি বিঘা জমিতে বছরে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। এক বছর পর বাজার ভালো থাকলে এক বিঘা জমির কলা প্রায় এক লাখ টাকায় বিক্রি করা সম্ভব। কিন্তু এ বছর কলার দাম অনেক কম। তাই কাঙ্ক্ষিত লাভ হচ্ছে না।
সম্প্রতি বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, সারি সারি কলার কাঁদি সাজিয়ে রেখেছেন চাষিরা। ভ্যানভর্তি কলা নিয়ে একের পর এক কৃষক হাটে আসছেন। পাইকারদের সঙ্গে দরদাম করছেন তারা। কিন্তু পর্যাপ্ত ক্রেতা না থাকায় অনেকটা বাধ্য হয়েই কম দামে কলা বিক্রি করছেন। এতে কৃষকদের মুখে হাসির বদলে দেখা যাচ্ছে হতাশা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা কলাচাষের জন্য বেশ উপযোগী। এসব এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে কলা চাষ হয়ে আসছে। একসময় কলাচাষ কৃষকদের জন্য লাভজনক হলেও বর্তমানে উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় সেই চিত্র বদলে গেছে। লোকসানের কারণে অনেক কৃষক এখন কলাচাষ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, চলতি মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলায় ৪৮৫ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। আগের তুলনায় আবাদ বেড়েছে। তবে উৎপাদন বাড়লেও কৃষকেরা কলার ন্যায্যমূল্য পাচ্ছেন না।

খায়রুল বাসার, গাইবান্ধা (গোবিন্দগঞ্জ)