নওগাঁয় বিজিবির অভিযানে ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
নওগাঁ সদরে যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল মূল্যের দুটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও টাস্কফোর্সের সদস্যরা। উদ্ধার করা মূর্তি দুটির মোট ওজন ৪০ কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ লাখ ৩০ হাজার টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার বর্ষাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ১৬ বিজিবির সহকারী পরিচালক (এডি) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক কান্ত বর্মন এবং জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হারুনের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স দল বর্ষাইল এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা উপস্থিতি টের পেয়ে সটকে পড়লে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তি দুটির মধ্যে একটির ওজন ২৮ কেজি ১৫০ গ্রাম এবং অন্যটির ওজন ১২ কেজি ১৫০ গ্রাম।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. দেলোয়ার হোসেন প্রত্নতাত্ত্বিক সম্পদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মূর্তি দুটি বর্তমানে বিজিবি ব্যাটালিয়নের কোয়ার্টার গার্ডের হেফাজতে নিরাপদে রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ম অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ