বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৩টার দিকে বগুড়ার রানীরহাট এলাকায়। মৃত বোনকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নামের এক নারী মারা যান।
অন্যদিকে, ভোর ৫টার দিকে আশরাফ নামের এক অসুস্থ ব্যক্তিকে টিএমএসএস হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কটিতে ইউটার্ন নেওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ মোট দুজন নিহত এবং চারজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অসুস্থ আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, নিহতদের মরদেহের সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আতিকুর রহমান সোহাগ, বগুড়া