নওগাঁয় ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রকৌশলী নিহত
নওগাঁ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার হাঁপানিয়া বাজার এলাকায় ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নওগাঁ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান (৪৩) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহর থেকে কাজ শেষে স্ত্রী তানজিনা আলম তিশা ও সন্তানকে নিয়ে রিজার্ভ সিএনজিযোগে মহাদেবপুর উপজেলায় নিজ বাসায় ফেরার পথে নওগাঁ ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আহত রুমাইসাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
নিহত রাশেদুজ্জামান নওগাঁ সড়ক বিভাগের পত্নীতলা সাব-ডিভিশনাল অফিসের অধীনে মহাদেবপুর উপজেলার সেকশনাল অফিসার (এসও) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়। এ ঘটনায় সড়ক বিভাগের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে এবং পুলিশ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালাচ্ছে। স্বজন ও সড়ক বিভাগের দাবির পরিপ্রক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।

আসাদুর রহমান জয়, নওগাঁ