খেলার সময় পুকুরে গিয়ে প্রাণ গেল ভাই-বোনের
বাড়ির পাশের নতুন খনন করা পুকুরের পাড়ে কাদামাটি দিয়ে থালা-বাসন ও হাঁড়ি-পাতিল বানিয়ে খেলায় মেতে ছিল অবুঝ দুই ভাই-বোন। কাদা তুলতে গিয়ে ছোট ভাই পুকুরের গভীরে তলিয়ে গেলে তাকে বাচাতে এগিয়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বড় বোনও।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো ওই গ্রামের বাসিন্দা আতিকুল ইসলামের মেয়ে আতিয়ারা (৯) ও ছেলে আবু বক্কর (৬)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির কাছেই একটি ফসলি জমিতে নতুন কাটা পুকুরের পাড়ে খেলা করছিল দুই ভাই-বোন। খেলার জন্য বাড়তি কাদা সংগ্রহ করতে গিয়ে হঠাৎ আবু বক্কর পুকুরের গর্তে পড়ে যায়। ছোট ভাইকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে গিয়ে বড় বোন আতিয়ারাও নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ দুই সন্তানকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুজনকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে দুই সন্তানের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে চরম শোকের ছায়া নেমে এসেছে।

সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)