ব্যাগ ধরে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, দুই আসামির স্বীকারোক্তি
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় সময় অটোরিকশা থেকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় দুই আসামি খোকন ও রাজিব আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপরে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে পুলিশ আদালতের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক তাদের স্বীকারোক্তি জবানবন্দি রেকর্ড করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
রফিকুল ইসলাম আরও বলেন, আসামি খোকন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে ও আসামি রাজিব ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার নথি থেকে জানা গেছে, নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়।
ছিনতাইকারীর টানে রনজিলা পারভীন চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক