চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মোকছেদুল ইসলাম (৫২) নামে এক অটোভ্যানচালককে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোকছেদুল ইসলাম উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে অটোভ্যান নিয়ে ভাড়ায় বের হন মোকছেদুল। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরদিন ভোর ৬টার দিকে শফিউদ্দিনের ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশ জানায়, নিহতের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)