ঢাকার মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্রের বিষয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করেছে। অনলাইনে যেকোনো আর্থিক লেনদেন ও স্পর্শকাতর তথ্য আদান-প্রদান থেকে সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে বেশ কিছু ভুয়া প্রোফাইল ও পেজ তৈরি করা হয়েছে। এসব ভুয়া আইডি থেকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, মার্কিন দূতাবাসের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনলাইনে কারো কাছে অর্থ, উপহার সামগ্রী (গিফট কার্ড) কিংবা ব্যাংক ও ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না।
এ জাতীয় কোনো প্রতারণামূলক বার্তা বা প্রোফাইলের মুখোমুখি হলে তাতে সাড়া না দেওয়ার জন্য এবং কোনো ধরনের অর্থ পাঠাতে কঠোরভাবে নিষেধ করেছে মার্কিন দূতাবাস। ভুয়া প্রোফাইলগুলো থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকার তাগিদ দেওয়া হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক