থানার দেয়ালঘেঁষে অবৈধ স্থাপনা, জনদুর্ভোগ
সাতক্ষীরা সদর থানার দেয়ালঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে শহরের ব্যস্ততম পাকাপুল-সুলতানপুর বড় বাজার সড়কটি সরু হয়ে পড়েছে। ফুটপাত ও সড়কের অংশ দখল করে এসব স্থাপনা চলায় যানবাহন ও পথচারীদের চলাচলে তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার উচ্ছেদের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে সড়কটির নির্মাণকাজ শুরু হলেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সুলতানপুর বড় বাজারে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কটি এমনিতেই সরু, তার ওপর থানার দেয়ালঘেঁষে স্থাপনা থাকায় একটি ভ্যান বা ইজিবাইকও নির্বিঘ্নে একে অপরকে পাশ কাটাতে পারে না।
সদর থানার দক্ষিণ পাশের বাসিন্দা ডা. মিনহাজ আহমেদ বলেন, দখলের কারণে বাসা থেকে ব্যক্তিগত গাড়ি বের করাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত এসব স্থাপনা অপসারণের দাবি জানান তিনি।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম সচিব আলীনুর খান বাবুল বলেন, এতদিন ধরে পৌরসভার রাস্তার ওপর এসব অবৈধ স্থাপনা কীভাবে টিকে আছে তা বোধ্যগম্য নয়। তিনি দ্রুত উচ্ছেদের পাশাপাশি ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বলেন, ১৬ থেকে ১৮ ফুট প্রশস্ত এই সড়কটিতে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় উন্নয়ন হয়নি, উল্টো দখলের কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তিনি ফুটপাত মুক্ত করার পাশাপাশি শহরের সড়ক প্রশস্তকরণে একটি মাস্টারপ্ল্যানের দাবি জানান।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত হোসেন বলেন, ওই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের বিষয়ে আলোচনা চলছে। ইতোমধ্যে সরেজমিনে গিয়ে ব্যবসায়ীদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে এবং মাইকিংও করা হয়েছে। দ্রুতই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

আনিছুর রহমান, সাতক্ষীরা (সদর-কলারোয়া-তালা-ভোমরা স্থলবন্দর)