রাজবাড়ীতে বালতিতে ডুবে শিশুর মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বালতিতে ডুবে তাসফিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রবিউল্লাহ ব্যাপারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাসফিয়া ওই এলাকার ইলিয়াস শেখ ও স্মৃতি আক্তার দম্পতির মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, বাড়ির পাশে টিউবওয়েলের কাছে একটি বালতিতে পানি রাখা ছিল। ওই বালতিতে শাপলা রাখা হয়েছিল। পরিবারের সদস্যদের অগোচরে শিশু তাসফিয়া সেই বালতির পানিতে পড়ে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা বালতির ভেতর থেকে তাসফিয়াকে উদ্ধার করে। পরে দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটি হাসপাতালের আনার আগেই মারা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, নিহত শিশুটির পরিবার এ বিষয়ে আমাদের কিছু জানায়নি।

মো. কবির হোসেন, রাজবাড়ী