রিফাতের স্বাভাবিক অবস্থানের বাইরে হৃদযন্ত্র, অস্ত্রোপচারে প্রয়োজন ৩০ লাখ টাকা
যে বয়সে স্বপ্ন দেখার কথা ভবিষ্যৎ নিয়ে, সেই বয়সে প্রতিদিন মৃত্যুর শঙ্কা নিয়ে দিন কাটছে পাবনার ২০ বছরের তরুণ রিফাতের। জন্মের পর থেকেই বিরল শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। বুকের স্বাভাবিক অবস্থানের বাইরে হৃদযন্ত্রের অবস্থান হওয়ায় ছোটবেলা থেকেই নানা শারীরিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা। এখন তার বেঁচে থাকার জন্য প্রয়োজন অস্ত্রোপচার। এর জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। অসহায় পরিবারটি তাই তাকিয়ে আছে মানুষের মানবিক সহযোগিতার দিকে।
রিফাতের এই অসহায় জীবনের নীরব সাক্ষী তার বাবা পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের বাচ্চু প্রামাণিক। পেশায় ভ্যানচালক। ছেলেকে সুস্থ করতে গত ২০ বছর ধরে নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন তিনি। অসুস্থতার কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি রিফাত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে শারীরিক দুর্বলতা ও কষ্ট। আর গত তিন মাসে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এখন নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটুকুও নেই। বিছানায় শুয়েই কাটছে দিনের পর দিন।
২৫০ শয্যাবিশিষ্ট পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, রিফাতের প্রয়োজন জটিল অস্ত্রোপচার। ঢাকার হৃদরোগ ও উন্নত হাসপাতালে এই অস্ত্রপচার সম্ভব।
রিফাতের বাবা বাচ্চু প্রামানিক জানান, এই অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। আমার পক্ষে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়।
একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ দুইয়ের মাঝে অসহায় হয়ে পড়েছেন রিফাতের মা-বাবা। তাদের বিশ্বাস, সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষগুলো যদি একটু এগিয়ে আসেন, তাহলে হয়তো রিফাত আবারও ফিরতে পারে স্বাভাবিক জীবনে।
রিফাতও চান অন্য তরুণদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে। চান নিজের পায়ে দাঁড়াতে, নতুন করে স্বপ্ন দেখতে। রিফাতের কাঁপা কণ্ঠের সেই আকুতি হয়তো পৌঁছে যাবে কোনো হৃদয়বান মানুষের কাছে। কারও সামান্য সহযোগিতাই হতে পারে একটি পরিবারের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।
সাহায্য পাঠানোর ঠিকানা—নগদ : ০১৩০১৫৬৬৪০৫, বিকাশ : ০১৩৫৪৭৬২৩৯৪

এ বি এম ফজলুর রহমান, পাবনা