এক হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের একটি মিলনায়তনে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। প্রধান আলোচক ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি মহিবুল্লাহ আল হুসাইনির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি কবিরুল ইসলাম রাজু।
কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি ড. রেজাউল করিম বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
দেশের মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সিবগাতুল্লাহ সিবগা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়; জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
প্রধান আলোচক ব্যারিস্টার আল মামুন রাসেল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার জন্য পরিশ্রম, শৃঙ্খলা ও সততার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর পশ্চিম শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক