চট্টগ্রামে পূর্ববিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে আব্দুল মান্নানের এক চাচাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় মোজাম্মেল (৪৫) নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে স্থানীয় বাজারে মোজাম্মেল হুমকি দিলে আব্দুল মান্নান তার প্রতিবাদ করেন। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে রাতে মসজিদে যাওয়ার পথে অন্ধকার স্থানে আব্দুল মান্নানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে উপর্যুপরি কোপানো হলে তিনি গুরুতর আহত হন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)