রংপুরে বাড়িতে তৈরি হচ্ছিল ভেজাল সার, জব্দ ৭২ বস্তা
রংপুরের পীরগাছায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল সার ও বালাইনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জাম, বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়কসহ ৭২ বস্তা ভেজাল সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় বাড়ির মালিক আব্দুল মালেক (৫০) বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সৈয়দপুর বাজারের পশ্চিমে আব্দুল মালেকের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মালেক দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ভেজাল সার ও বালাইনাশক তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন।
অভিযানে ৭২ বস্তা ভেজাল সার, সার ও বালাইনাশক তৈরির বিভিন্ন কাঁচামাল, সরঞ্জাম এবং নামিদামি কোম্পানির মোড়ক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল পারুল ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আব্দুল মালেক প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে ভেজাল সার ও বালাইনাশকের কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার ভেজাল সার তৈরির অভিযোগে ধরা পড়েছিলেন।
অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান তাহসিন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৎস্য ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)