রংপুরে ছেলের হাতে বাবা খুন
রংপুরের পীরগাছায় বাবা মহুবার রহমানকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন ছেলে হাসানুর রহমান (২২)।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, হাসানুর রহমানের সঙ্গে শ্বশুরবাড়ির মানুষের সম্পর্ক ভালো ছিল না। সকালের দিকে শাশুড়িসহ কয়েকজন তাদের বাড়িতে আসে। কিন্তু জামাই হাসানুর শাশুড়িকে বসতে ও খেতে বলেননি। বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্তু হাসানুর সেটা করেননি। পরে হাসানুরের মা একই বিষয়ে বলেন। হাসানুর মায়ের ওপর চড়াও হয়ে কিল ঘুসি মারেন। বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে একটা চড় মারেন।
পুলিশ জানায়, শাশুড়ির সামনে বাবার চড়ের বিষয়টি ভালোভাবে নেয়নি ছেলে হাসানুর। পাশে থাকা একটি ধারালো ছুড়ি এনে বাবার বুকে ঢুকিয়ে দেয়। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, মামলা দায়ের হলে আইনুগভাবে আসামিকে গ্রেপ্তার করা হবে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)