ভূরুঙ্গামারীতে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বিভিন্ন সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ১৬ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাই মালামাল জব্দ করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক ভারতীয় মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা, ধলডাঙ্গা ও পাথরডুবি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গত ৪৮ ঘণ্টায় বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস ও গবাদিপশুসহ অন্যান্য ভারতীয় চোরাই মালামাল জব্দ করে। জব্দ করা ভারতীয় এসব মালামালের সিজার মূল্য ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাকারবারিদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। আগামীতেও এই ধরাবাহিকতা অব্যাহত থাকবে।

শামসুজ্জোহা সুজন, কুড়িগ্রাম (ভূরুঙ্গামারী)