অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান, মালিককে অর্থ ও কারাদণ্ড
রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল মালামাল জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে মীম কনজ্যুমার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন। এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।
উপজেলা প্রশাসন জানায়, অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাতের বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডাদেশপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, অবৈধভাবে সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাতের অভিযোগে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন, প্যাকেটজাত ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)