বিএনপি কর্মী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
বিষয়টি ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন আদালতে মিলনকে হাজির করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর করা হয়। ওই সময় হামলায় বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আমিরুল আলম মিলন ৯৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

আদালত প্রতিবেদক