চাঁপাইনবাবগঞ্জের সব রুটে যান চলাচল বন্ধ
চাঁদা আদায়কে ঘিরে দুটি শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জের ধরে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় কমিটির ডাকে এই কর্মবিরতি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় শ্রমিক সূত্রে জানা যায়, ‘শ্রমিক কল্যাণে ব্যয়ের’ কথা বলে বাস থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন’ এবং ‘জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই দ্বন্দ্বের জের ধরে গতকাল বুধবার এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিশেষে যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করে আসছে। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। তবে এই ধর্মঘটটি পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় কমিটির ডাকে পালিত হচ্ছে।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমাত বলেন, শ্রমিকদের কল্যাণের জন্য আমাদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করে। কিন্তু জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যানের পাশাপাশি বাস থেকেও চাঁদা আদায় করছে, যার কোনো অনুমতি তাদের নেই।
দুটি সংগঠনের মধ্যে এই দ্বন্দ্ব নিয়ে অতীতেও অপ্রীতিকর ঘটনা ঘটলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। আকস্মিক পরিবহণ বন্ধ হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। শহরের শাহ নেয়ামতুল্লা কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে যাত্রীদের অটোরিকশায় করে রাজশাহী ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যাতায়াত করতে দেখা গেছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, দুটি সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। তবে ঘণ্টাব্যাপী সেই বৈঠক সমঝোতা ছাড়াই শেষ হয়। তাদের নিজেদের মধ্যে সমঝোতা না হলেও সড়কে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেবে না পুলিশ।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ