গোপালগঞ্জে ঢিলেঢালা যান চলাচল, সড়ক পরিষ্কারে আন্দোলনকারীরা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ডাকা লকডাউন কর্মসূচি পালনের পর আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জের জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে সাধারণ মানুষের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই শহরের সড়কগুলোতে যান চলাচল ঢিলেঢালাভাবে শুরু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কেও সীমিত পরিসরে গাড়ি চলাচল করতে দেখা গেছে। তবে গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে গোপালগঞ্জ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।
সকাল থেকে শহরের দোকানপাট ও মার্কেটগুলো খুলতে শুরু করলেও ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। সড়কের কোথাও ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গতকাল যারা সড়কে টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করেছিলেন, আজ সকাল থেকে তাদেরকেই সড়ক পরিষ্কারের কাজে অংশ নিতে দেখা গেছে। তবে সাধারণ মানুষের একটি অংশ গতকালের কর্মসূচির সমালোচনা করে জানিয়েছেন, সড়কে আগুন জ্বালানো কোনো স্বাভাবিক আন্দোলন হতে পারে না; এটি জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড।
এছাড়া গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসন। আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ