ঝালকাঠিতে শুরু হলো খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা
ঝালকাঠি পৌরসভায় শহরের পানি প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে শুরু হয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। কর্মসূচির আওতায় পৌরসভার বিদ্যমান ৯টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়কসংলগ্ন খাল পরিষ্কারের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুর্লিয়া সুকায়না। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, শুধু খাল পরিষ্কার নয়, ড্রেনের পানি চলাচল স্বাভাবিক রাখা এবং শহরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উদ্বোধনকালে পৌরসভার প্রশাসক জুর্লিয়া সুকায়না বলেন, শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে পৌরবাসীকেও সচেতন হতে হবে। বাসাবাড়ির ময়লা-আবর্জনা যত্রতত্র না ফেলে পরিচ্ছন্নতাকর্মীদের নিকট অথবা নির্ধারিত স্থানে ফেলার জন্য তিনি নগরবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)