শিশুকে অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কেরানীগঞ্জের সাত বছরের এক শিশুকে অপহরণের মামলায় ইমাম হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. এরশাদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড করেছেন এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন।
পিপি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের এক লাখ টাকা আদায় করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদায়কৃত অর্থ ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট বা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৫ অক্টোবর কেরানীগঞ্জের সাত বছর বয়সী ওই শিশুটি স্থানীয় একটি স্কুলের সামনে বান্ধবীদের সঙ্গে খেলছিল। বেলা ১১টার দিকে ইমাম হোসেনসহ তিন থেকে চারজন মেলা দেখানোর কথা বলে তাকে সঙ্গে নিয়ে যান। পরে তারা শিশুটিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার একটি কাশবনে নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। সেখানে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা শিশুটিকে উদ্ধার করেন এবং ইমাম হোসেনকে আটক করেন। এ ঘটনায় শিশুটির বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।

আদালত প্রতিবেদক