ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সাতজন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা রাজিব পরিবহণের বাসটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ড বা রেলিংয়ে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়।
আহতরা হলেন- পিরোজপুরের অর্চনা মিলি (২৫), কানিজ ফাতেমা (২৩), রাজু (১৭), নুরনবী (৩০), ইব্রাহিম (৪০) ও মরিয়ম (৫৫) এবং বরগুনার সাউদা বেগম (৩৫)। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ফায়ার সার্ভিস জানায়, দ্রুত উদ্ধার তৎপরতার কারণে আহতদের সময়মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ