নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামের এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সম্রাট স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক এবং রামপুর ইউনিয়নের মইনুল হক রতনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে মাহমুদুন নবী সম্রাট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নিহতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)