গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ দোকান ও বসতঘর ভস্মীভূত
নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে সাগরিকা বাজারের ‘রাকিবের বিরিয়ানি হাউজ’ হোটেলের সিলিন্ডারে হঠাৎ আগুন ধরে যায়। ভয় পেয়ে হোটেলের লোকজন দ্রুত বের হয়ে গেলে সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরবর্তীতে সেখানে থাকা আরও দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে আগুন দ্রুত চারপাশের দোকান ও বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে একটি হোটেল, একটি লাইব্রেরি, একটি কাপড়ের দোকান, একটি জুতার দোকান, একটি কসমেটিকসের দোকান ও একটি বসতঘর আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিক ধারণায় অগ্নিকাণ্ডে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতঘরের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী