কক্সবাজারে হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটকরা
কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় চারটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকত পাড়া সড়কের একটি হোটেল সংলগ্ন বসতঘরে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ শুরু করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের স্থানের আশপাশে বহু হোটেল-রিসোর্ট থাকায় আগুন লাগার পরপরই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত হোটেল ও ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে এসে নিরাপদ দূরত্বে সড়কে অবস্থান নেন।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার