শেষ ৫০ মিটার বাদ দিয়েই সড়ক নির্মাণ, এলজিইডির প্রকল্পে অনিয়ম
নওগাঁর বদলগাছী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের মূল নকশায় সম্পূর্ণ সড়ক অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও বাস্তবে শেষপ্রান্তের প্রায় ৫০ মিটার অংশ না বানিয়েই কাজ শেষ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি সরকারি নথিতে প্রকৃত গ্রামের নাম বদলে অন্য নাম ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ‘নওগাঁ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র আওতায় ৫৯ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকা ব্যয়ে মিঠাপুর পুরাতন হাটখোলা থেকে উজালপুর গ্রাম ইউনিব্লক সড়ক পর্যন্ত ৫৫০ মিটার দীর্ঘ ও প্রায় ৩ মিটার প্রশস্ত পাকা সড়ক নির্মাণের প্রস্তাবটি ২০২৬ সালের জানুয়ারিতে গেজেটভুক্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নকশায় পুরো ৫৫০ মিটার রাস্তা উল্লেখ থাকলেও কাজের শেষ ভাগে এসে ৫০ মিটারের মতো কাঁচা রেখেই কাজ শেষ করা হচ্ছে। ফলে বর্ষাকালে এই কাঁচা অংশে কাদা জমে পুরো সড়কের সুফল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া নথিতে শেষ প্রান্তের গ্রামের নাম ‘উজালপুর’-এর জায়গায় ‘জগপাড়া’ নাম ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে প্রশাসনিক জটিলতার সৃষ্টি করতে পারে। স্থানীয় বাসিন্দা প্রণব মণ্ডলের মতে, বাদ পড়া অংশটি ভবিষ্যতে নতুন প্রকল্প দেখিয়ে পুনরায় অর্থ বরাদ্দের সুযোগ তৈরির জন্যই এমনটি করা হতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সবুজ সাথী ট্রেডার্সের স্বত্বাধিকারী জিল্লুর রহমান মারুফ বলেন, এস্টিমেটে ৫৫০ মিটার থাকলেও সামান্য অংশ টেন্ডারে না থাকায় বাদ পড়েছে। পাশাপাশি জমি সংক্রান্ত স্থানীয় এক ব্যক্তির দাবির কারণে কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।
এ বিষয়ে বদলগাছী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী এলজিইডি প্রকৌশলী মো. শাহারিয়ার বলেন, শুরুতে কেন অংশটি বাদ দেওয়া হয়েছিল তা তার জানা নেই, তবে প্রয়োজন হলে ভবিষ্যতে অন্য প্রকল্পের মাধ্যমে করা যেতে পারে। অন্যদিকে গ্রামের নাম পরিবর্তনের বিষয়টি নথিপত্র দেখে নিশ্চিত হতে হবে বলে জানান তিনি।
নওগাঁ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মুনসুর আলী বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)