৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-১)। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (২২ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তার করা স্বামী-স্ত্রী হলেন ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা এলাকার মো. আনোয়ার হোসেন (২২) এবং তার স্ত্রী মোছা. শাপলা আক্তার (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি-১। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের কাছ থেকে আরও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ৪০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা ব্যক্তিরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় মামলা করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদককারবারী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

আসমাউল আসিফ, জামালপুর