প্রায় ২ লাখ টাকার মহিষ দিয়ে ভূরিভোজ স্পেন সমর্থকদের
বিশ্বকাপ ফুটবলে স্পেন ফাইনালে যাওয়ায় সদূর কুষ্টিয়া থেকে প্রায় দুই লাখ টাকায় মহিষ কিনে এনেছে ভক্তরা! আয়োজন ভূরিভোজের! মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুরে ফাইনাল খেলার দিন এই মহিষ জবাই দিয়ে ভূরিভোজ করা হচ্ছে।
প্রবাসী স্পেন সমর্থকদের আর্থিক সহায়তায় স্থানীয় এক ঝাঁক স্পেন সমর্থক এই ভূরিভোজের আয়োজন করছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলার শুরু থেকেই উপজেলার কাদিরপুর এলাকার স্পেনের সমর্থকরা বিশাল বিশাল পতাকা টাঙানোসহ উন্মাদনায় মেতে উঠে। স্পেন ফাইনালে যাওয়ায় ওই এলাকার স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার সোহাগ মুন্সীর সহায়তায় স্পেন ভক্তরা ভূরিভোজের এই আয়োজন করেছেন। বিশ্বকাপ ফুটবল ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে মহিষ কিনে এনেছেন তারা। এক লাখ ৯০ হাজার টাকা দামের মহিষে ৬ মণ মাংস হয়েছে। রাতে ভূরিভোজের মধ্যে দিয়ে বিশ্বকাপ ফুটবলকে স্মরণীয় করে রাখবেন এই স্পেন সমর্থকরা।
স্থানীয় স্পেন সমর্থকরা জানায়, স্পেন ফাইনালে যাওয়ায় তাদের এই আয়োজন। খেলার শুরু থেকেই তারা স্পেনকে সমর্থন দিয়ে আসছে। এলাকায় বিশাল পতাকা টাঙিয়েছে। তাই আজ মহিষ দিয়ে কাদিরপুর বাজারে ভূরিভোজ হবে। বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।
জানতে চাইলে আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, ‘স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি, সবার সহযোগিতায় এই আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের নিমন্ত্রণ জানিয়েছি। সবাই একই সঙ্গে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করব। এবং আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।’

এম. আর. মুর্তজা, মাদারীপুর