গলায় গামছা পেঁচিয়ে রিকশাচালককে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর রিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শুক্রবার দুপুরে মরদেহ উদ্বার করে পুলিশ ।
নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে রিকশার ব্যাটারি নষ্ট থাকায় জাহিদ রিকশা চালাতে পারেননি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বের হন, কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি।
আজ শুক্রবার দুপুরে দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চামেলি পার্কসংলগ্ন ইটের সড়কের পূর্ব পাশে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় জাহিদ বিশ্বাসকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী