ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পর্যটনমন্ত্রী
অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন।
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনের পর মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়।
মন্ত্রী বলেন, মানিকগঞ্জ সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে। এই ঐক্য ও সম্প্রীতির ধারা বজায় রেখে জেলার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই মধ্যে জেলার প্রায় ৩৫টি মন্দিরে অনুদান দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ২৫০টি মন্দিরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মানিকগঞ্জ ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দির এবং আধুনিক শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, উৎসব চলাকালে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে আনা, যাত্রীসেবা সহজ করা এবং দেশে ফিরে যেন তারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে।
মন্ত্রী জেলার সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
রথযাত্রা উপলক্ষে মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে সাত দিনের অস্থায়ী মেলা বসেছে। আগামী ২৪ জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ