পানিতে ডুবে ৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু
রসিংদীর রায়পুরায় বিলের পানিতে ডুবে ৪ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বড়কান্দা এলাকার শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), রুবেল মিয়া মেয়ে জান্নাত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। নিহতরা সবাই স্থানীয় বরকান্দা এলাকার ‘গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসা’র শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতোই গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার ক্লাস শুরু হয়। দুপুরে টিফিন পিরিয়ড শুরু হলে ৬ জন শিশু শিক্ষার্থী মাদ্রাসার পাশ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে এক শিশু পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধার করতে একে একে অন্য ৫ জনও পানিতে নামে। এ সময় আরও ৩ শিশু পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। পরে চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ৩ জনের মরদেহ পাওয়া গেছে। এছাড়া আরও একজনের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)