ছুরিকাঘাতে বিএনপিনেতা হত্যা, ঢাকা থেকে ভাড়া করা তিনজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের মিঠামইনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাদিস নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে পৌঁছালে এস এম জাহাঙ্গীর আলম ও তার সঙ্গী হাদিসের ওপর চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলম মারা যান।
এই হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। তার সার্বিক তত্ত্বাবধানে জেলা পুলিশের একাধিক দল তাৎক্ষণিক সাঁড়াশি অভিযান শুরু করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- বরগুনার বামনা উপজেলার বাসিন্দা হেলাল, মহিউদ্দিন ও জাকির। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকা থেকে ভাড়া করে আনা পেশাদার অপরাধী চক্রের সদস্য। অপরাধী যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

মোজাহিদ সরকার, কিশোরগঞ্জ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলা)