‘আল্লাহ আমাকে কোটি টাকার মালিক করে রমজান মাসে বিয়ে দিন’
হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন, আর প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকুতি। সেই সঙ্গে পবিত্র মাহে রমজান মাসে বিয়ের প্রত্যাশা। এমনই এক ব্যতিক্রমী চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় চার মাস ২৫ দিন পর আবারও খোলা হয় পাগলা মসজিদের ১৫টি দানবাক্স। জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানসিন্দুক খোলার কার্যক্রম শুরু হয়।
দানসিন্দুকে পাওয়া ওই চিঠিতে লেখা হয়েছে— “হে আল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাকে একটা সুন্দর জীবন দান করেন। আমাকে হাজার কোটি টাকার মালিক করে দিন। মিমকে আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দিন। পবিত্র মাহে রমজান মাসে আমাদের বিয়ে দিয়ে দিন। (আমিন)।” চিঠির নিচে লেখা রয়েছে, “আবু সাঈদ + মিম”।
এবার সিন্দুকগুলো থেকে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এ ছাড়া মিলেছে বিপুল বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে গণনার কাজ শুরু হয়।
দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ নিজেদের মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এখানে দান করে থাকেন। সেই দানের অর্থের সঙ্গে মাঝেমধ্যেই পাওয়া যায় ভক্তদের এমন আবেগ, প্রত্যাশা ও প্রার্থনাভরা নানা চিঠি।

আদি রাকিব, কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর)