বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ আশ্বাস দেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো বন্যাকবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং তাদের হাতে দ্রুত খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া। পানি নেমে গেলই উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করবে। সেই তালিকার ভিত্তিতেই পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি যেসব কৃষকের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের ভেসে গেছে কিংবা গবাদিপশুর ক্ষতি হয়েছে, তাদেরও পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই দুর্যোগ মোকাবিলায় সরকার একা নয়, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব।
প্রতিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক দুর্ভোগ বিবেচনায় নিয়ে জুলাই মাসের ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখতে এনজিওগুলোর প্রতি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এতে দুর্গত পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম