মাঠে না এলে বন্যার্তদের কষ্ট অনুভব করা সম্ভব নয় : ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমি এখানে রাজনীতি করতে আসিনি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। মানুষের দুর্ভোগ কাগজে-কলমে বোঝা যায় না। মাঠে এসে না দেখলে এই কষ্ট অনুভব করা সম্ভব নয়।”
আজ শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা বিতরণকালে জামায়াত আমির এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিজের চোখে দেখা এবং ক্ষতিগ্রস্ত মানুষের কথা শুনতেই আমি এখানে এসেছি। বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে বিরোধী দল বিষয়টি উত্থাপন করেছে এবং সরকারের পক্ষ থেকেও ৩০০ বিধিতে বিবৃতি দেওয়া হয়েছে।
জামায়াত আমির বলেন, সরকারের উচিত দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদার করা, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা নিশ্চিত করা। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ মানুষের প্রতি অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও অন্যান্য দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করে বলেন, “যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তাদের মাগফিরাত দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দিন।”
ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক, বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদারসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম