সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ
চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৬ জুলাই) সকালে মতলব দক্ষিণ উপজেলার ডাকঘর এলাকার সাদ্দাম ব্রিজ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডাকঘরের দক্ষিণ পাশে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের সাদ্দাম ব্রিজের পশ্চিম পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরনে জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট ছিল। তবে তার পরিচয় শনাক্ত করার মতো কোনো কাগজপত্র বা আলামত সঙ্গে পাওয়া যায়নি। মরদেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে, বিশেষ করে তার মুখমণ্ডলে আঘাতের গভীর ক্ষত দেখা গেছে।
মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রোববার দিনগত রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় তিনি ওই ব্যক্তিকে সাদ্দাম ব্রিজের ওপর বসে থাকতে দেখেছিলেন। তখন কৌতুহববশত পরিচয় জানতে চাইলে ওই যুবক নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিলেও তার স্থায়ী ঠিকানা বা বিস্তারিত কোনো তথ্য জানাননি।
চাঁদপুর পিবিআইয়ের পরিদর্শক তরুণ কান্তি দে বলেন, নিহতের সঠিক পরিচয় শনাক্তের লক্ষ্যে পিবিআই টিম ইতোমধ্যে তার দুই হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর