এনটিভির কোটি দর্শককে শুভেচ্ছা জানালেন পরিচালক মাহবুবা সুলতানা
জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাখো-কোটি দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন মাহবুবা সুলতানা।
এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা বলেন, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। এনটিভির জন্মদিনে দেশি-বিদেশি এনটিভির সঙ্গে সম্পৃক্ত যারা আছে, সবাইকে এত প্রতিদ্বন্দ্বিতা, এত প্রতিকূলতার মাঝেও এনটিভিকে যারা আজও জনপ্রিয় ও উজ্জ্বল করে মিডিয়া জগতে ধরে রেখেছেন, সর্বোপরি যাদের সহযোগিতা-পরামর্শ এবং এনটিভির লাখো-কোটি দর্শক শ্রোতা সবাইকে জানাই এনটিভির জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
মাহবুবা সুলতানা বলেন, এনটিভি আমাদের দেশে জনপ্রিয় চ্যানেলের মধ্যে অন্যতম। এই জনপ্রিয়তা ও এ সফলতার হকদার আপনারা সবাই। তবে সবচেয়ে বেশি হকদার তিনি, যিনি এনটিভি নিয়ে কাজ করেন, চিন্তা করেন, গবেষণা করেন, তিনি আর কেউ নন—আমাদের ওয়ান অ্যান্ড অনলি এনটিভির চেয়ারম্যান, অনেক অনেক অভিনন্দন। আমি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এনটিভির চেয়ারম্যানকে, আমাকে এ অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। কারণ অনেকদিন পর যখন আমি এনটিভিতে আসি, বিশেষ ভালোলাগা কাজ করে।
মাহবুবা সুলতানা আরও বলেন, আমাদের প্রিয় ভাতিজি জাইমা রহমান, অনেক বছর বিদেশে থাকার পর যখন নিজের দেশে আসে, তখন তার ভালোলাগার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুব মিষ্টি করে বলেছিল—সবাইকে কেমন আপন আপন লাগে, যথার্থ বলেছিল জাইমা। আমিও যখন প্রায় এক যুগ পর নিজের দেশে আসি, তেমনি অনুভূতি হয়েছিল। আর এখনও অতিথি পাখির মতো মাঝে মাঝে নিজের দেশে আসা হয়, তখন সেরকমই অনুভূতি হয়—সবাইকে কেমন আপন আপন লাগে। আর এনটিভিতে যখন আসি, সেই ভালোলাগাটা আরও বহুগুণ বেড়ে যায়।
এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা বলেন, আজ এনটিভির জন্মদিনের আয়োজনে যারা আছেন, এই সুন্দর আয়োজনে যারা ছিলেন, সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের এই জন্মদিনের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে এসেছেন, সেই সম্মানিত বিশেষ অতিথিদেরকে আমি এনটিভি পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
মাহবুবা সুলতানা বলেন, আপনাদের সদয় উপস্থিতি আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে অনেক উজ্জীবিত ও প্রাণবন্ত করেছে। আবারও সবাইকে জন্মদিনে শুভেচ্ছা জানাই, হাজারও শুভ কামনা এনটিভির জন্য। আপনাদের সবার সহযোগিতা, প্রচেষ্টা ও ভালোবাসায় সিক্ত এনটিভির জন্মদিনের এ ক্ষণটি আমাদের মাঝে বারবার ফিরে আসুক, শতবার ফিরে আসুক, আমি আপনাদের সবাইকে, আমার প্রিয় ছেলে-মেয়েদেরকে, আমার নাতিদেরকে নিয়ে যেন এনটিভির জন্মদিনে কেক কেটে এই বর্ণিল আয়োজনে শামিল হতে পারি, ইনশাআল্লাহ।
মাহবুবা সুলতানা আরও বলেন, শুভ শুভ শুভ হোক এনটিভির জন্মদিন শুভ হোক। সুস্থ বিনোদনের জয় হোক। পরিশেষে বলেব, আপনারা আমাদের প্রকৃতি-পরিবেশকে বাঁচান। সৎ, কর্মশীল, পরিশ্রমী হোন, দেশ ও মানুষকে ভালোবাসুন। ভালোবাসুন ভালোবাসার কাছের মানুষটিকে। অনেক বেশি ভালোবাসুন। একদম আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর মতো। সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

নিজস্ব প্রতিবেদক