ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ
রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর খাদ্যগুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে হাবিবুর রহমান নামের এক কিশোর বর্জ্য সংগ্রহ করতে গিয়ে ওই ময়লার ভাগাড়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে সে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজনকে ডাকে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আতাহার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একটি নবজাতককে এভাবে ময়লার ভাগাড়ে ফেলে যাওয়ার ঘটনা মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের পরিচয় বহন করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।

মো. কবির হোসেন, রাজবাড়ী