শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুলাই
রাজধানীর মোহাম্মদপুরে মো. হোসেন নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৬ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন।
এদিন আদালতে অভিযোগগঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে কারাগার থেকে পলককে হাজির করতে না পারায় বিচারক নতুন দিন নির্ধারণ করেন।
আদালতের নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে নিজ বাসায় ফিরছিলেন। পথে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরামুজ্জামান ঢাকার সিএমএম আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রের আসামিরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টুসহ আরও অনেকে।
এ মামলায় এখন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। এছাড়া ১০ জন আসামি আদালতের দেওয়া জামিনে আছেন।

আদালত প্রতিবেদক