মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২
মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে বিপুল ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বিকেলে জেলা ডিএনসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষভাবে লুকিয়ে রাখা সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাত হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ৭০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ টাকা। এ ছাড়া একটি টেকনো স্মার্টফোন, একটি ইনফিনিক্স স্মার্টফোন, একটি আইটেল বাটন ফোন এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের মোট বাজারমূল্য প্রায় ৩১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন—বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম গ্রামের মো. সোহেল মিয়া (৩৬) ও মো. সজীব (২৪)।
জেলা ডিএনসি সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় নিয়মিত মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে জেলা ডিএনসির সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত জীবনই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে।’
মো. নাজমুল হক মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ভজন দাস, নেত্রকোনা