গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দুই শিশুসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- সুলতানা, আব্দুল মান্নান, সায়েম এবং দুই শিশু হযরত আলী ও মীম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেওয়ার সময় সিলিন্ডারের পাইপলাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় ঘরে থাকা সবাই দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি করে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের মধ্যে শিশু মীম ও সুলতানার অবস্থা আশঙ্কাজনক।
ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধদের মধ্যে সুলতানার শরীরের ৯০ শতাংশ, সিয়ামের ৭৭ শতাংশ, শিশু মীমের ৪১ শতাংশ, আব্দুল মান্নানের ৩০ শতাংশ এবং শিশু হযরত আলীর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। সকালে চুলায় আগুন দেওয়ামাত্রই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)