চাঁদপুরে কিশোর গ্যাং ও মাদকের স্থান নেই : এসপি
চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান বলেছেন, চাঁদপুরে যেখানে পুলিশ থাকবে, সেখানে কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতরা থাকতে পারবে না। মাদকের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও কঠোর নজরদারির মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা হবে।
আজ বুধবার (৩ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসপি এ কথা বলেন।
এসপি রবিউল হাসান বলেন, সাংবাদিকদের বক্তব্যের মাধ্যমে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা উঠে এসেছে। এর মধ্যে মাদক, কিশোর গ্যাং এবং সড়ক দুর্ঘটনা অন্যতম। গত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সময়ে ৩৮৭ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া শুধু মে মাসেই মাদকসংক্রান্ত ২১৮টি মামলা হয়েছে।
এসপি আরও বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণের দায়িত্ব প্রথমত পরিবারকেই নিতে হবে। অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায়, কী করে—সেসব বিষয়ে খোঁজ রাখতে হবে। পাশাপাশি পুলিশ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল বৃদ্ধি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মাদকের ভয়াবহতা কমাতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এলাকাভিত্তিক সচেতনতামূলক সভার আয়োজন করা হবে এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে—যাতে তারা অপরাধ থেকে দূরে থাকতে পারে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য ও পরামর্শগুলো জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব শিগগিরই নতুন করে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, আলম পলাশ, ফারুক আহম্মেদ, শাহাদাত হোসেন শান্ত, আল-ইমরান শোভন, কাদের পলাশ, মো. মাসুদ আলম, তালহা জুবায়ের, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, ফরিদুল ইসলাম, এইচ এম নিজাম, মনির হোসেন ও ইমতিয়াজ আহম্মেদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. মজিবুর রহমান।

শরীফুল ইসলাম, চাঁদপুর