ইলিশের আমদানিতে চাঙ্গা বড়স্টেশন মাছঘাট
মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে সরকারের টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পদ্মা-মেঘনা নদীতে। দীর্ঘ কর্মবিরতি কাটিয়ে নতুন উদ্যম ও বুকভরা আশা নিয়ে গত মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। এর ফলে দীর্ঘ নীরবতা ভেঙে আবারও সরগরম ও প্রাণবন্ত হয়ে উঠেছে চাঁদপুরের ঐতিহ্যবাহী ও দেশের অন্যতম বড় ইলিশের হাট—বড়স্টেশন মাছঘাট।
আজ বুধবার (২৮ অক্টোবর) ভোর থেকেই চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশভর্তি মাছ ধরার ট্রলার এসে ভিড়তে শুরু করে বড়স্টেশন মাছঘাটে। ট্রলার ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে পড়েন ঘাট শ্রমিকরা। ঝুড়িতে করে ট্রলার থেকে বড় সাইজের ইলিশ নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখা হয়। এরপর ঐতিহ্যবাহী হাঁকডাকে ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাছঘাট। দীর্ঘ ২২ দিন পর চেনা এই রূপ ও কর্মব্যস্ততা ফিরে আসায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিক মহলে।
প্রথম দিনের বাজারদর নিয়ে ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষে আজ প্রথম দিনে বাজারে ইলিশের সরবরাহ ভালো রয়েছে এবং দামও তুলনামূলক কিছুটা কম পাওয়া যাচ্ছে। বর্তমানে ঘাটে এক কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ৩০০ টাকা পর্যন্ত। এ ছাড়া এক কেজির কম ওজনের ইলিশ এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিদিন বাজারে এমন সরবরাহ বজায় থাকলে সাধারণ ক্রেতাদের নাগালে ইলিশের দাম আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, ২২ দিন পর আজ প্রথম দিনে চাঁদপুর মাছঘাটে প্রায় এক হাজার মণ ইলিশের সরবরাহ হয়েছে। চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ট্রলারে করে এসব মাছ ঘাটে এসেছে। আগামী দিনগুলোতে মাছে সরবরাহ আরও বৃদ্ধি পাবে বলে তাদের প্রত্যাশা।

শরীফুল ইসলাম, চাঁদপুর