সাভারের শিল্পনগরীতে দেড় হাজার ট্রাকে ঢুকলো পাঁচ লাখ চামড়া
রাজধানী ও আশপাশের এলাকা থেকে আসা কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে সাভারের চামড়া শিল্পনগরী। কাঁচা চামড়া সংগ্রহের পর লবণ দেওয়া, যথাযথভাবে সংরক্ষণ, পরিবহন ও শ্রমিক ব্যবস্থাপনা–সবকিছু মিলিয়ে বিরামহীন ব্যস্ততা।
আজ শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনেও ট্রাকে ট্রাকে কাঁচা চামড়া আসছে। কোরবানির মৌসুমকে ঘিরে ব্যাপক প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে ট্যানারি কারখানাগুলো।
কাঁচা চামড়া সংগ্রহ, আনলোড এবং লবণজাত করতে ব্যস্ত দেখা গেছে কর্মীদের।
বিসিক চামড়াশিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান বলেন, আজ সকাল ১১টা পর্যন্ত চামড়া শিল্প নগরীতে প্রবেশ করেছে কাঁচা চামড়াবাহী ১ হাজার ৫২৯ ট্রাক। এসব ট্রাকে এসেছে ৪ লাখ ৯১ হাজার ৯৪৯ চামড়া। এর মধ্যে ৪ লাখ ৭৫ হাজার ৮৫৯টি চামড়া গরু এবং মহিষের। অবশিষ্ট ১৬ হাজার ৯০ চামড়া ছাগল ও ভেড়ার।
মো. মেহরাজুল মাঈয়ান আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থাপনা মসৃণ করতে বিসিক, জেলা ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো যৌথভাবে কাজ করছে। কাঁচা চামড়াবোঝাই গাড়িগুলো যেন নির্বিঘ্নে শিল্প নগরীতে প্রবেশ করতে পারে, সেটা নিশ্চিত করতে অতিরিক্ত স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে।

জাহিদুর রহমান